রাঙামাটি জেলার সড়ক ও নৌ পথের দুর্ঘটনা এড়াতে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’। ​আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে পথসভা ও চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচিতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের সঠিকভাবে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে এবং কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো যাবে না। পাশাপাশি নৌ পথের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

​নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের (সাবেক) সদস্য মো. হাবীব আজম-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু-এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন,নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন,সংগঠক ​মো.ইভান শফি,সদস্য ​মো. শাহ আলম,সদস্য ​মো.ইমরান সহ ​পথসভায় সংগঠনের অন্যান্য সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য সহ স্থানীয় চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই উদ্যোগকে স্থানীয় পথচারী ও চালকরা সাধুবাদ জানান।