সাজেক (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও একটি নম্বরবিহীন মাহিন্দ্রা (সিএনজি) গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। জব্দ করা পণ্য ও গাড়ির মোট মূল্য ৩ লাখ ৮৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় সাজেক থানায় মামলা চলমান রয়েছে এবং আটক ব্যক্তিরা বর্তমানে থানায় রয়েছেন বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীন উদয়পুর বিওপির সীমান্ত সড়ক চেকপোস্টে দায়িত্ব পালনরত নায়েক মো. সাখাওয়াত হোসেনসহ বিজিবির তিন সদস্য উদয়পুর বাজার থেকে সাজেকগামী একটি নম্বরবিহীন মাহিন্দ্রা (সিএনজি) গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ভারতীয় Amul Kool সফট ড্রিংকস, পিনাট ক্যান্ডি ও তেঁতুল সাবান উদ্ধার করা হয়। পরে গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

জব্দ করা পণ্য ও গাড়ির বিবরণঃ-বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৪৭৭ বোতল ভারতীয় Amul Kool সফট ড্রিংকস, যার মূল্য ১৫ হাজার ৭৪১ টাকা; ১৭৮ প্যাকেট ভারতীয় পিনাট ক্যান্ডি, যার মূল্য ৬৭ হাজার ৬৪০ টাকা; সাতটি ভারতীয় তেঁতুল সাবান, যার মূল্য ১ হাজার ৫৭৫ টাকা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ি, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামাল ও গাড়ির মোট মূল্য ৩ লাখ ৮৪ হাজার ৯৫৬ টাকা।

আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী গ্রামের নুরুল আজিমের ছেলে মো. বেলাল হোসেন (২৯) এবং একই উপজেলার উত্তর রসিক নগর গ্রামের সুরুজ আলীর ছেলে সেকেন্দার আলী (২৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক ব্যক্তিরা বর্তমানের সাজেক থানায় রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।