রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ- ২১ অক্টোবর ২০২৬ বুধবার বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদ। এই অংশীদারত্ব দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র দুটি ডিজিটাল বিমা পণ্য কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান এবং মান্থলি সেভিংস প্ল্যান নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। ফলে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করে বিমাসেবার পরিধি সম্প্রসারণ,গ্রাহক সুবিধা নিশ্চিত করা এবং বেশি সংখ্যক মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।
সম্প্রতি (১৪ অক্টোবর ২০২৬) ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।
এসময় নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন,“সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবিমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন,“নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চত করতে চাই।”
প্রতিষ্ঠানটির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন,“এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়,বরংবাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই।”
একই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন।”
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.ও নগদ বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর বিমাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছে।এ উদ্যোগের মাধ্যমে জীবন বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,আর্থিক সুরক্ষার আওতা সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল বিমাসেবার বিকাশে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা এবং নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক, এফআই, ইন্স্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত প্রমুখ।

মন্তব্য করুন