প্রেসবিজ্ঞপ্তি- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোঃ শফিকুল ইসলাম আজ ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দেশবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অবহিত করে তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। এ দিবস আমাদের জাতীয় ইতিহাসের বাস্তবতা, ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে। তাই এ ঐতিহাসিক দিবসে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঙ্গে শিক্ষার সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ শিক্ষা কেবল ব্যক্তিকে জ্ঞানী করে না; শিক্ষা একজন মানুষকে সচেতন নাগরিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলে। একটি জাতির রাজনৈতিক,সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। রাবিপ্রবি জ্ঞান উৎপাদনের সে কাজটি করে যাচ্ছে। আরও বলেন যে, একটি জাতির ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো ঐতিহাসিক ঘটনাগুলো শিক্ষার্থীদের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন। ইতিহাসের বিভিন্ন ঘটনা, প্রেক্ষাপট ও ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিতে পারে; এতে তাদের মধ্যে ইতিহাস সচেতনতা, যুক্তিবোধ, দায়িত্বশীল চিন্তাশক্তি ও দেশপ্রেম বিকশিত হবে ও মুক্তচিন্তার অধিকারী হবে।
সংহতির মূল কথা হলো বিভেদ নয়,ঐক্য;সংঘাত নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি জায়গা, যেখানে ভিন্ন মত,ধর্ম, সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের শিক্ষার্থীরা একসঙ্গে জ্ঞান অর্জন করে থাকে। সে আদর্শ ধারণ করে রাবিপ্রবি বহুসংস্কৃতির সমন্বয়ে পার্বত্য অঞ্চলে একাডেমিক শিক্ষা ও গবেষণা পরিচালিত করে যাচ্ছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হোক জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রেরণা। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করাই হোক আমাদের লক্ষ্য। এ মহান দিবসে রবিপ্রবি’র সকলকে ইতিহাস সচেতন ও সংহতির চেতানায় উদ্বুদ্ধ হয়ে নিরলসভাবে একাডেমিক শিক্ষা ও গবেষণার কাজ এগিয়ে নেয়ার আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন