সাজেক প্রতিনিধিঃ-রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী চৌমুই পাড়ায় শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ),বাংলাদেশ,বাঘাইছড়ি উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় গ্রামটিতে চালু হয়েছে স্থানীয়ভাবে পরিচালিত একটি প্রাথমিক পাঠদান কার্যক্রম। এতে বর্তমানে ২২ জন শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।
ভারতের মিজোরাম রাজ্যসংলগ্ন দুর্গম এই গ্রামটি ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। গ্রামটিতে চাকমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষের বসবাস। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামটিতে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় কিংবা চিকিৎসাসেবা কেন্দ্র গড়ে ওঠেনি। এমনকি গ্রামটিতে এসএসসি উত্তীর্ণ ব্যক্তির সংখ্যাও শূন্য।
স্থানীয়দের জন্য নিকটতম প্রাথমিক বিদ্যালয় বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে দুর্গম পথ ও যোগাযোগব্যবস্থার কারণে অনেক শিশুর পক্ষে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না। এতে বছরের পর বছর প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা।
জানা গেছে, চৌমুই পাড়ায় বর্তমানে ১৪টি এবং পার্শ্ববর্তী উলছড়ি গ্রামে ৭টি পরিবারসহ মোট ২১টি পরিবারের বসবাস। এসব পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ), বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখা বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
উদ্যোগের অংশ হিসেবে চৌমুই পাড়ার কার্বারি বিরাই কুমার ত্রিপুরার সঙ্গে আলোচনা করে স্থানীয়ভাবে একটি কমিটি গঠন এবং শিশুদের পাঠদানের জন্য শিক্ষক নিয়োগের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে গ্রামবাসীর উদ্যোগে একটি প্রাইভেট স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে স্থানীয় দশম শ্রেণি উত্তীর্ণ শিক্ষিকা চাদের লতা ত্রিপুরাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষিকার বাৎসরিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার টাকা, যা দুই কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাকার্যক্রম সচল রাখা এবং শিক্ষিকার সম্মানী প্রদানে সহযোগিতার অংশ হিসেবে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে টিএসএফ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মাচাং শাকিল ত্রিপুরা সরেজমিনে চৌমুই পাড়া পরিদর্শন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
বর্তমানে ওই পাঠদান কার্যক্রমে বাল্যশিক্ষা ও শিশুশ্রেণিতে ১৫ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩ জন, তৃতীয় শ্রেণিতে ৩ জন এবং চতুর্থ শ্রেণিতে ১ জনসহ মোট ২২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
স্থানীয়ভাবে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি ঘরে শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত অবকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও শিশুদের লেখাপড়ার আগ্রহ এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা দুর্গম জনপদটিতে নতুন আশার সঞ্চার করেছে।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ), বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাজেকের দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষার প্রসার, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় রয়েছে সংগঠনটির।
সচেতন মহলের মতে, চৌমুই পাড়ার মতো দুর্গম জনপদে শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এ কার্যক্রম দীর্ঘস্থায়ী করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি গ্রামটিতে একটি স্থায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পথ আরও সুগম হবে।
দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার আলো পৌঁছে দিতে টিএসএফের এই উদ্যোগ শুধু ২২ শিশুর শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেনি, বরং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা বিস্তারে সামাজিক সংগঠনগুলোর ভূমিকারও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মন্তব্য করুন