বান্দরবান(প্রতিনিধি),বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিত রণ ওশিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (১১ নভেম্বর) রেমাক্রি ইউনিয়নের মদক এলাকায় ৫৭ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে মদক এলাকার ১৮টি পাড়ার ১১ বছর বয়স পর্যন্ত ৫০ জনের বেশি শিশুকে সরকারি ইপিআইসহ হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্সসহ বিভিন্ন টিকা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ আরও ৭৫ থেকে ৮০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সীমান্তবর্তী বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে। ভবি ষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৭ বিজিবি।

মন্তব্য করুন