পটিয়া,(চট্টগ্রাম) প্রতিনিধিঃ-এস আলম গ্রুপের বন্ধ হয়ে যাওয়া সব শিল্পকারখানা দ্রুত পুনরায় চালু এবং ছাঁটাই হওয়া হাজারো শ্রমিক-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে বেকারত্ব, অনিশ্চয়তা ও আর্থিক সংকটে থাকা শ্রমিকরা তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার পাশাপাশি নতুন করে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সাবেক কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল হাজারো শ্রমিক-কর্মচারী রাতারাতি কর্মহীন হয়ে পড়েন। তাঁদের অনেকের পরিবার এখন চরম আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় শ্রমিকদের জীবনযাত্রা ও পারিবারিক পরিস্থিতিও ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

শ্রমিকদের অভিযোগ,কারখানা চালু ও চাকরিতে পুনর্বহালের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। স্মারকলিপিতে তাঁরা দাবি করেন, চলতি মূলধন ও কাঁচামাল সংগ্রহ করতে না পারার কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে আরোপিত ব্যাংকিং বিধিনিষেধকে কারখানা বন্ধ থাকার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন মালিকপক্ষ।

এ সময় ব্যাংকিং সহায়তা নিয়েও বৈষম্যের অভিযোগ তোলেন সাবেক শ্রমিকরা।তাঁদের দাবি,ঋণখেলাপি থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানাগুলো সচল রাখতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে।অথচ এস আলম গ্রুপের কারখানাগুলো চালুর ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ বা সহযোগিতা দেখা যাচ্ছে না।এ বিষয়ে সরকারের কাছে সমান নীতিগত সহায়তা ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তাঁরা।

স্মারকলিপি দেওয়ার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন হাজারো সাবেক শ্রমিক-কর্মচারীরা। এ সময় তাঁরা বন্ধ কারখানা চালু, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং শ্রমিকদের পরিবারগুলোর জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শ্রমিকদের কর্মসংস্থানের দাবি যৌক্তিক। কারণ,তাঁরা কোনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সরকারও যত দ্রুত সম্ভব বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা করছে। দক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

সাবেক শ্রমিকদের দাবি, তাঁদের কর্মসংস্থানের সঙ্গে হাজারো পরিবারের জীবন-জীবিকা, সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে এনে অভিজ্ঞ শ্রমিকদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ চান তাঁরা।