রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক পরবর্তী জাতীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় চিহ্নিতকরণ এবং সুপারিশ নির্ণয়ে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও প্রোগ্রসিভ এর যৌথ আয়োজনে ও ইউএন উইমেন, বাংলাদেশ এর সহায়তায় আশিকা কনভেনশন পার্কে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, নারীর অধিকার প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের নারীদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সংলাপে বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমী, উপপরিচালক নাসরিন বেগম, প্রকল্প সমন্বয়কারী সাফিয়া সামি, প্রোগ্রেসিভের প্রধান নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফদাং তাং রান্দাল, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, রাঙাসাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
গীতিকা ত্রিপুরা, নির্বাহী পরিচালক, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি বলেন- জলবায়ু দুর্যোগ পাহাড়ের নারীর জীবনকে আরো কঠিন করে তুলেছে। সহিংসতার ভুক্তভোগীদের জন্য জেন্ডার রেসপনসিভ সার্ভিস প্রয়োজন।
বেনজিন চাকমা- এরিয়া কোঅর্ডিনেটর, টিআইবি বলেন- যৌন সহিংসতা প্রতিকারমূলক হটলাইন সার্ভিসের কোনো সুবিধা পাহাড়ের নারীরা পান না। কোন হটলাইনে ফোন করে সেবা পেতে হবে অনেকে সেটাও জানেন না।
কক্সী তালুকদার, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আশিকা বলেন- আইন প্রয়োগকারী সংস্থায় আদিবাসী নারীদের অংশগ্রহণ খুব সীমিত। তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।
সংলাপে উঠে আসা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় ও সুপারিশসমূহ সমন্বয়ের মাধ্যমে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য করুন