রুমা,(বান্দরবান) প্রতিনিধিঃ-পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষের কল্যাণ, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায়,গত ১৬নভেম্বর ২০২৬ বান্দরবানের রুমা উপজেলার নিউ রোমানা পাড়ার এক বাসিন্দা নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে সেনা বাহিনীর সদস্যরা দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে রাতেই টহল গাড়িযোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

এছাড়াও,এই উপজেলার একজন অসহায় মাকে তার সন্তানের দ্রুত চিকিৎসার জন্য রুমা জোন কতৃক নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। টাকার অভাবে চিকিৎসাহীন অবস্থায় ভুগতে থাকা সন্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে,রুমা উপজেলার সেগুম খামার পাড়ার ইসলামপুর জামে মসজিদের উন্নয়নকাজ পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও, বড়থলি ত্রিপুরা পাড়ার এক শিক্ষার্থীর হোস্টেল ফি পরিশোধের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদের মাঝে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্কও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সকল ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।