বাঘাইছড়ি প্রতিনিধি-রাঙামাটির বাঘাইছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা নিশ্চিতকরণ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা মিনিকনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কো-অর্ডিনেটর কৃতি চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফুড সিস্টেম প্রজেক্ট ম্যানেজার নাজমুল হাসান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম,ফুড সিস্টেম প্রজেক্টের সিনিয়র অফিসার নাজমুল হুদা,বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ এ ছাড়াও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,প্রকল্পের সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের অংশীজন।

‘অ্যাক্সেস টু অ্যান্ড প্রোভিশন অব লাইফসেভিং সার্ভিস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাকস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সমাপনী সভার আয়োজন করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। এতে সহযোগিতা ছিলেন-হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এনজিও।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও বাস্তবায়নকালীন অভিজ্ঞতা তুলে ধরা হয়।বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দেওয়া, পুষ্টির উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য ছিল সমন্বিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, সমতা, সহনশীলতা এবং সামাজিক কল্যাণের উন্নয়ন করা হয়।

এ লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের আওতায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তীব্র ও মাঝারি অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের খাদ্যনিরাপত্তা ও টেকসই জীবিকা শক্তিশালী করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা এবং জলবায়ু-সহনশীল স্যানিটেশন সুবিধা বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সমাপনী সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরে বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মৌলিক সেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব।

বক্তারা ভবিষ্যতেও পুষ্টি,স্বাস্থ্য,খাদ্যনিরাপত্তা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।