খাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে বরাদ্দের নির্ধারিত অংশ অংশ ঘুষ দাবি ও আদায়, প্রকল্প বাস্তবায়নে হয়রানি,আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং পরিষদের কক্ষে গোপনে নগদ অর্থ সংরক্ষণসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটি কর্তৃক আজ বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুর্নীতি ও অসদাচরণের দায়ে অপসারিত খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ২০২৫ সালের ৯ জুলাই উদ্ধার হওয়া ৮লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় নথিপত্র সংগ্রহ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এবং টাকা উদ্ধারের বিষয়ে যথাযথ নিয়ম মানা হয়নি।

উদ্ধারের সময় উপস্থিত সাংবাদিকের বক্তব্য ও বর্তমান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ এর বক্ত্যের মধ্যে পার্থক্য অভিযান পরিচালনাকালে পরিলক্ষিত হয়। এছাড়াও মাস্টারদা সূর্যসেন গণপাঠাগার কেন্দ্রের উদ্যাগে গ্রুপ ভিত্তিক বই পড়া কর্মসূচী পালন প্রকল্পের বিভিন্ন অনিয়ম সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়। অভিযান কালে প্রাপ্ত ব্যাপক অনিয়মের তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার সুপারিশপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম রাঙামাটি।

অভিযানকালে দুদকের সদস্যরা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করতে এবং সরেজমিনে প্রকল্প পরিদর্শন করেছেন তারা। দুদক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সময়ের ২০২৪, ২০২৫ ও ২০২৬ অর্থবছরে জেলা পরিষদের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত বছর ৭ জুলাই মাস্টার দা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন রিজভী (সাবেক) জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে এই অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের সূত্র ধরেই আজ জেলা পরিষদে অনুসন্ধান ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন (দুদক) রাঙামাটি জেলা কার্যালয় টিম।