রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের ১০ নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করায় আটকা পড়েন ২ হাজার ৯৩৩ জন পর্যটক। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় তাঁদের বাঘাইহাটের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে সকাল ৬টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইমরান জানান, পরিস্থিতি দ্রুত সমাধানে চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন।

উল্লেখ্য, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। অবরোধে পর্যটননির্ভর সাজেকের যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটক,পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।