সাজেক প্রতিনিধিঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের উজবাজার এলাকায় অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে অবরোধকারীরা সড়কে বসে পিকেটিং করে যান চলাচল বন্ধের চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে হস্তক্ষেপের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তার পর সাজেকে অবস্থানরত পর্যটকদের গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

সড়ক অবরোধকারীরা উজবাজার এলাকায় সড়কের ওপর অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। এতে সাজেক পর্যটন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেন। এ সময় সেনাবাহিনীর সাথে অবরোধকারীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার মত ঘটনা ঘটে।

এদিকে, অবরোধের কারণে সাজেকে অবস্থানরত পর্যটকদের যাতায়াত নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরে পর্যটকদের নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানা যায়।

উল্লেখ্য,তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন পুনঃরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়।

সাজেকের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন,এ ধরনের অবরোধ দীর্ঘস্থায়ী হলে পর্যটন,স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির স্থায়ী সমাধান জরুরি।