রুমা, বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানের রুমা উপজেলায় ভারতের মিজোরাম থেকে নিজ এলাকায় ফিরে আসা বম পরিবারের সদস্য,অসহায়-দরিদ্র মানুষ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে মিজোরামফেরত পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী,সম্প্রতি ভারতের মিজোরাম থেকে রুমা উপজেলার হ্যাপিহিল পাড়ার দুটি পরিবারের ৯জন,লাইরুনপি পাড়ার একটি পরিবারের ৫জন এবং মুন্নুয়াম পাড়ার দুটি পরিবারের ৩জন সদস্য নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। এসব পরিবারের পুনর্বাসনে রুমা জোনের পক্ষ থেকে চাল,ডাল,তেল,লবণ,আলু, পেঁয়াজ,রান্নার সামগ্রী, সোলার সিস্টেম ও নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

এ ছাড়া মুন্নুয়াম পাড়ার লাল রুয়াদ্দান বম,এ্যালভেজ বম, ফ্লেক্স বম ও জেনিবিশ বমের মধ্যে মোট ১২টি ছাগল ও ১২টি টিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মুনলাই পাড়ার জিং যোফ কিমকে আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্যদিকে,প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বড়ুয়া পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রুমা জোন। এর মাধ্যমে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

এ ছাড়া রুমারচর নিচের পাড়ার মৃত মংচাইসিং মারমার দুই মেয়ের ভবিষ্যৎ গঠনে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ছোট মেয়ে হ্লা খিং প্রু মারমার পড়াশোনার খরচ বহন এবং বড় মেয়ে মেসিংউ মারমাকে দর্জি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এসব উদ্যোগের মাধ্যমে মিজোরামফেরত পরিবারগুলোর পুনর্বাসন, অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।