পাহাড়বেষ্টিত রাঙামাটি জেলার বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৭৭ সালে ১৩ দশমিক ০৫ একর জমির ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮০ সাল থেকে আনু ষ্ঠানিকভাবে প্রশি ক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে কারিগরি শিক্ষার প্রসার,দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

আপনারা জানলে অবাক হবেন- রাঙামাটি কারিগরি কেন্দ্রে ১৯৯৬ সালে চালু হওয়া নবম ও দশম শ্রেণি’র ক্লাস নানান সংকটে ২০২৪ সালে এসে বন্ধ হয়ে যায়। এ দু’টি ক্লাসে ৩-৫শ’ শিক্ষার্থী ভর্তি হয়ে পড়াশুনা করতেন। বর্তমানে সর্ট কোর্সগুলো চালু আছে। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত পদ রয়েছে-১০৫টি। কিন্তু পরিতাপের বিষয় শিক্ষক আছেন-২৩ জন। প্রশিক্ষকের পদ আছে ৫৪টি কিন্তু বর্তমানে প্রশিক্ষক আছেন ১২ জন। শিক্ষক, প্রশিক্ষক ও স্টাফ নেই বললেই চলে। ১৫টি ট্রেডের মধ্যে ৬টি ট্রেড বন্ধ আছে। শিক্ষার্থীদের হোস্টেল ভবন,একাডেমিক ভবন,আসবাবপত্র ও অত্যাধুনিক যন্ত্রপাতি একান্ত প্রয়োজন।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বাস্তবমুখী কারিগরি দক্ষতাও কর্মজীবনে সফলতার অন্যতম প্রধান হাতিয়ার। বিশেষ করে পার্বত্য রাঙামাটির মতো দুর্গম ও পাহাড়ি অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ হতে পারে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ। সেই বিবেচনায় রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পুরোনো অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির সংকট-

দীর্ঘদিনের পথচলায় প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখলেও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম এবং প্রয়োজনীয় জনবলের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে প্রতিষ্ঠানটির পুরোনো ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়া,শ্রেণিকক্ষের বেহাল অবস্থা এবং আধুনিক যন্ত্রপাতির সংকটের কথা উঠে এসেছে।

প্রতিবেদনটিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী কাজী বরকতুল ইসলামের বক্তব্যও প্রকাশিত হয়েছে। তিনি ভবন সমস্যাকে অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ সরঞ্জামের অভাবেও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে সমস্যা হচ্ছে।

কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান দেওয়া নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার উপযোগী করে গড়ে তোলা। কিন্তু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা অর্জনে পিছিয়ে পড়তে পারেন।

রাঙামাটি পার্বত্য জেলার বেকার যুবক ও যুবমহিলাদের কারিগরি প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠান হতে প্রতি বছর প্রায় ২১০০জন প্রশিক্ষণার্থী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহন করে থাকে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন মানুন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্বি করা জরুরী হয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে ১৮টি কোর্স চলমান আছে এবং আরো ১৫টি কোর্স চালু করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

দেশে-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা-

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরির সুযোগ। সরকারি নথিতে প্রকাশিত প্রশিক্ষণ কার্যক্রমের তালিকায় অটোমোটিভ,জেনারেল মেকানিকস, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং,ওয়েল্ডিং,প্লাম্বিং,গ্রাফিকস ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন ট্রেডের উল্লেখ রয়েছে। পাশাপাশি জাপানি ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণের ব্যবস্থার তথ্যও পাওয়া যায়।

বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদা বিবেচনায় এ ধরনের প্রশিক্ষণ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত ২০২০ সালের তথ্য অনুযায়ী, আগের তিন বছরে প্রশিক্ষণ সম্পন্নকারীর সংখ্যা ছিল- ২০১৭ সালে ১হাজার ৮৯৯, ২০১৮ সালে ২হাজার ১৪২ এবং ২০১৯ সালে ১হাজার ৫৮০জন। একই নথিতে বছরে ২হাজার ৫০০জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য উল্লেখ করা হয়েছিল।

পাহাড়ি অঞ্চলের তরুণদের জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব-

রাঙামাটি একটি পাহাড়ি ও দুর্গম জেলা। এখানকার অনেক তরুণ-তরুণীর জন্য উচ্চশিক্ষা কিংবা বড় শহরে গিয়ে কর্মসংস্থান খুঁজে নেওয়া সহজ নয়। এ বাস্তবতায় নিজ জেলায় স্বল্প খরচে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে দুর্গম উপজেলার শিক্ষার্থীদের জন্য আবাসন, যাতায়াত এবং প্রশিক্ষণ ব্যয় সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ চালু করা গেলে আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।

নারীদের জন্য সেলাই,পোশাক তৈরি,কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন ও অন্যান্য কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হলে তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন পাহাড়ের বেকার নারী ও পুরুষ।

আধুনিকায়ন এখন সময়ের দাবি-

বর্তমান বিশ্বে প্রযুক্তি ও কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে পুরোনো প্রশিক্ষণ পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা চালু করা জরুরি। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে যুগোপযোগী করতে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

-জরাজীর্ণ ভবন সংস্কার অথবা নতুন একাডেমিক ভবন নির্মাণ।

-প্রতিটি ট্রেডে আধুনিক যন্ত্রপাতি ও ল্যাব স্থাপন।

-প্রয়োজন অনুযায়ী দক্ষ প্রশিক্ষক ও জনবল নিয়োগ।

-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করা।

-জাপানি,কোরিয়ান ও ইংরেজি ভাষা প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ।

-প্রশিক্ষণ শেষে চাকরি ও আত্মকর্মসংস্থানের সঙ্গে সংযোগ তৈরি।

-নারী-পুরুষ ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা।

এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রতিষ্ঠানটি শুধু প্রশিক্ষণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না,বরং রাঙামাটির বেকার জনগোষ্ঠীর অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ-

প্রায় পাঁচ দশকের ঐতিহ্যবহনকারী এ প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ভবন নির্মাণ,আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মান উন্নয়নে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অর্জন, প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের হার এবং অবকাঠামোগত সংকট নিয়ে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হলে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

সম্ভাবনাময় প্রতিষ্ঠানটির প্রতি প্রত্যাশা-

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি পাহাড়ের তরুণ সমাজের দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সম্ভাবনার সঙ্গে জড়িত। দীর্ঘদিনের ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিকায়ন করা গেলে প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চলের দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, অবহেলা ও সীমাবদ্ধতা কাটিয়ে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে একটি আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক কর্মবাজার উপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হোক।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী বরকতুল ইসলাম বলেন,আমি এখানে যোগদানের পর দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে এই পর্যন্ত এসেছে। আমি রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন (ছাত্রাবাস,ছাত্রীনিবাস, ওয়ার্কশপ বর্ধিতকরন, ৪র্থতলার ভার্টিক্যাল এক্সটেনশন,সীমানা প্রচীর,অভ্যন্তরীণ সড়ক ও গাইড ওয়াল, অডিটো রিয়াম রেস্ট হাউজ,ডরমটরি ),আধুনিক ল্যাব ও উন্নতমানের যন্ত্রপাতি সরবরাহ এবং নতুন কোর্স সংযোজন বিষয়ে যথাযথ গুরুত্বরোপ করা প্রয়োজন। এসব কিছু মিলিয়ে স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি’র ডিও লেটার অর্থ মন্ত্রীর বরাবরে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটি-২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান এমপি বলেন, এবিষয়ে আমি নিজের হাতে ডিও লেটার লিখে দিয়েছি। প্রয়োজনে আমি আবারও কথা বলবো।