ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওয়ে গৃহবধুর লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। সোমবার (২৩নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার নিজ বসতঘরের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছমিন আক্তার (২৫) ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মিস্ত্রি আব্দুল হামিদের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাঁর পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার প্রবাসী আব্দু ছবির কন্যা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, নিহতের নুরানি মাদ্রাসায় পড়ুয়া শিশুকন্যা সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে অপরাপর স্বজনদের জানায়। এতে নিহতের ভাশুর ইউনুস ভেতরে থাকা নিহতের অপর শিশুসন্তানের কান্নার শব্দ পান। নিরুপায় হয়ে বিকল্প উপায়ে ওপর দিয়ে রুমে প্রবেশ করে দেখতে পান, ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াসমিনের লাশ ঝুলে আছে এবং পাশে শিশুটি কাঁদছে। এতে ভাশুর তাঁর লাশ ফাঁস থেকে নামানোর পর তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

এ ঘটনা নিহতের পরিবারের সদস্যরা তাঁকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিচে নামানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে এ মৃত্যু আত্মহত্যা, না হত্যা—তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত কেউ মুখ খোলেননি।