রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-চট্টগ্রামভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সি বার্তা’র নাম,লোগো ও পরিচয় ব্যবহার করে অনুমোদন হীন ফেসবুক পেজ পরিচালনা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচয় ও সুনাম রক্ষায় রাঙামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পোর্টালটির প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো.সোহরাওয়ার্দী।

সোমবার (২৩ নভেম্বর) দায়ের করা জিডিতে তিনি অভিযোগ করেন, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর পরিচালিত ‘সি বার্তা’র নাম ও লোগো ব্যবহার করে ‘cbarta’ নামে একটি অনুমোদনহীন ফেসবুক আইডি/পেজ পরিচালনা করছেন। অথচ প্রতিষ্ঠানটির নিজস্ব নাম, লোগো ও স্বতন্ত্র ফেসবুক পরিচিতি রয়েছে।

জিডির বিবরণে উল্লেখ করা হয়,সোমবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকার পুরাতন পুলিশ হাসপাতাল সংলগ্ন নিজ বাসায় অবস্থান কালে মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করার সময় বিষয়টি তাঁর নজরে আসে। পরে অনুসন্ধান করে তিনি দেখতে পান, তাঁর পরিচালিত সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে অন্য একটি ফেসবুক পেজ পরিচালিত হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, ওই পেজে ঠিকানা হিসেবে ‘হ্যাপী মোড়, বনরূপা, রাঙামাটি সদর, রাঙামাটি, বাংলাদেশ’, যোগাযোগের নম্বর হিসেবে ‘০৯৬৯৬-০৩০৬৮৮’ এবং ই-মেইল ঠিকানা হিসেবে ‘news cbarta @gmail. com’ ব্যবহার করা হয়েছে। এসব তথ্যের সঙ্গে তাঁর পরিচালিত প্রতিষ্ঠানের কোনো অনুমোদিত সম্পর্ক নেই বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, অনুমোদনহীন পেজটিতে সংবাদ ও বিভিন্ন তথ্য প্রচারের পাশাপাশি ‘সি বার্তা’র নাম, লোগো এবং সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য ব্যবহার করা হচ্ছে। এতে পাঠক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমটির পরিচয় ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করে বলেন , এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা,আর্থিক ক্ষতি এবং প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে একটি সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে অননুমোদিত কার্যক্রম পরিচালনা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও প্রতি ষ্ঠানের সুনামের জন্য উদ্বেগজনক।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত বা প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন।

জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক পেজের লিংকও সংযুক্ত করা হয়েছে। তবে পেজটির প্রকৃত পরিচালনাকারী কারা এবং এর পেছনে কারা জড়িত,তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লি ষ্টদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের তদন্ত সাপেক্ষ।