রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের ১০নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের মাধ্যমে অবরোধ কর্মসূচি পালনকরছেন অবরোধকারীরা।বৃহস্পতিবার (২২অক্টোবর) সকাল ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।এতে সাজেকে বেড়াতে আসা প্রায় তিন হাজার  বেশি পর্যটক বাঘাইহাট উজো বাজার এলাকায় আটকা পড়েছে । আজ সকাল ৬টার দিকে  সাজেক পর্যটন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করতে দেখা গেছে। সড়কে মধ্যে আগুন জ্বালানোর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সাজেক থেকে পর্যটকদের বের হওয়া এবং নতুন করে পর্যটকদের সেখানে প্রবেশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২২ অক্টোবর ২০২৬ সকাল ৮ টা ৩০ মিনিটে  সাজেকে আটকা পড়া ২৯৩৩ জন  পর্যটককে পুলিশ ও আর্মির স্কট যুগে বাঘাইহাট এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কিন্ত বাঘাইহাট উজো বাজার এলাকায় অবরোধকারীদের কবলে পড়েছে পর্যটকরা। এমন পরিস্থিতিতে বাঘাইহাট জোন কমান্ডার ল্যাপটেন্যান্ট কর্নেল তারিকুল ইমরান জানান উক্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাথে এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদা সতর্ক রয়েছেন।

এমন অবস্থায়  পর্যটন নির্ভর সাজেকের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা,জরুরি প্রয়োজনে যাতায়াতের ব্যবস্থা করা এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা পর্যটকরা।

এদিকে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে,আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মাইকিংয়ের তথ্য পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা দিকে অবরোধকারীদের সড়ক ছেড়ে দিতে বললে তারা ইট পাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলাবাহিনীর উপর। পরে আইনশৃঙ্খলাবাহিনী ফাঁকা গুলি ছুড়লে সড়ক ছেড়ে দেয় অবরোধকারীরা।

এদিকে সাজেক সড়কে অবরোধকারী নেতা নতুন জয় চাকমা বলেন, আমরা প্রশাসনকে বার বার সুযোগ দিয়ে আসছি। কিন্তু প্রশাসন আমাদের দাবি দাওয়া কর্ণপাত করছে না। প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নিলেই আমরা অবরোধ প্রত্যাহার করে নেব।  দাবি না মানা পর্যন্ত চুল পরিমান ছাড় দেব না। অবরোধ চলছে চলবেই।

অপরদিক সাজেক পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেকের পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎সাজেক পরিস্থিতি নিয়ে মিডিয়াকে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব  বলেন, ইউপিডিএফের মদদপুষ্ট সাজেকে ২টি সংগঠন অবরোধ ডাকে। বৃহস্পতিবার সকাল ১১টায় ওই অবরোধে সাজেক পর্যটন ভ্যালি থেকে নেমে আসা পর্যটকদের যেতে বাঁধা দেওয়ায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধ কারীদে সঙ্গে ইট পাটকেল ছুঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আহত হয়।
‎

 


‎তিনি বলেন,একই দিন দুপুরে অবরোধকারীদের পক্ষ নিয়ে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি ছুঁড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুঁড়ে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে ‎সাজেকের পরিস্থিতি ভালো আছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী আইনী প্রক্রিয়ায় আগ্রসর হবেন। ২-১দিনের মধ্যে সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। অবরোধের নামে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ‎সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,রাঙামাটির স্থানীয় প্রিন্ড ও ইলেকট্রনিক্স মিডিয়া ৩০-৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
‎সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর গোলাগুলির খবর সত্য নয় জানিয়েছে ইউপিডিএফ।  ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, আজ কোন সশস্ত্র গোষ্ঠীর সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানকার জনগণের সাথে কথা বলে এমন খবরের সত্যতার বিন্দুমাত্র প্রমাণ মেলেনি। মূলত জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টা করছে।

উল্লেখ্য,তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন পুনঃরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার ধারাবাহিকতায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সাজেকের পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।