দীঘিনালা (খাগড়াছড়ি)ঃ-বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।

শনিবার(২৫ অক্টোবর) বিকাল বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে গঙ্গারাম বাজার এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়ো জনীয় ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।