ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও থানা হাজত থেকে আব্দুল্লাহ (১৬)নামের এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক কিশোর রামু উপজেলার উমখালী ৩ নম্বর ওয়ার্ডের গণি সওদাগরপাড়ার মো. কালু মিয়ার ছেলে।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে টয়লেটে যাওয়ার কথা বলে হাজত থেকে বের হয়ে কৌশলে কিশোরটি পালিয়ে যায়। খবর পেয়ে তাকে পুনরায় গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অবশেষে শুক্রবার বিকেলে রামু উপজেলার কলঘর মহাসড়ক এলাকা থেকে তাকে ফের আটক করতে সক্ষম হই।

কী অপরাধে তাকে আটক করা হয়েছিল—জানতে চাইলে ওসি বলেন, বিপুল পরিমাণ মদসহ তাকে আটক করা হয়েছিল। তবে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “তাকে ‘আসামি’ লেখা যাবে না। কারণ সে ১৬ বছর বয়সি শিশু; সে আইনের সঙ্গে সংঘাতভিত্তিক অপরাধে জড়িত।