রুমা,বান্দরবান প্রতিনিধিঃ- বান্দরবানের রুমা উপজেলায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী।
গত ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকেরা মোবাইল ফোন মেরামতের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদ তুলে দেন। এ সময় তিনি অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবুল বাদশা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মো. ইদ্রিস মিয়া, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা, কোষাধ্যক্ষ উবাসিং মারমা ও সাবেক সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা।
স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি জনপদের তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে সেনাবাহিনীর এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন