চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ- কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শামসুল আলম নামের একজন ভুক্তভোগী। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে ফরিজা বেগম নামে নারীকে আসামি করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পালিত বিড়ালের অভিভাবক দাবিদার শামসুল আলম। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শামসুল আলম দাবি করেন, আমার বাড়িতে পোষা বিড়ালটিকে আমি নিজের সন্তানের মতো যত্ন করে লালন-পালন করে আসছিলাম। সোমবার সকালে আমাদের পালিত ছাগল বাড়ির পেছনে খালি জায়গার চারণভূমিতে বেঁধে দিতে গেলে বিড়ালটিও আমার পেছন পেছন সেখানে চলে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগম নামের এক নারীর পালিত কুকুর আমার বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। এ সময় আমি কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিই। এতে ফরিজা বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে এসে আমার পালিত বিড়ালটিকে এলোপাতাড়ি পেটালে গুরুতর আহত হয়ে পরে সেটি মারা যায়। থানায় লিখিত অভিযোগে এ অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী শামসুল আলম।
বিড়ালের মালিক দাবিদার সামশুল আলম থানা কম্পাউন্ডে কান্নাজড়িত কণ্ঠে বলেন, হত্যার শিকার পালিত বিড়ালটি আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই আমার পালিত বিড়ালটিকে অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলেছেন প্রতিবশী ফারিজা বেগম। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের পোষা প্রাণীকে অত্যাচার ও নির্যাতন চালিয়ে হত্যা করার সাহস না পায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, একটি পোষা বিড়ালকে হত্যার অভিযোগ এনে শামসুল আলম নামের একব্যক্তির লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষটি অন্তত দুঃখজনক দাবি করে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন